দার্শনিক ও চিন্তক সরদার ফজলুল করিমকে নিয়ে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম এম আকাশ বলেছেন, যেকোনো মানুষ গড়ে ওঠে তাঁর স্থান, কাল ও পরিবেশের ওপর। সেখান থেকে আলাদা করে কাউকে দেবতা বানালে তাঁর নির্যাসটা থাকে না। কোনো মানুষ দেবতা নন, পূর্ণ বা পারফেক্টও (নিখুঁত) নন। সরদার ফজলুল করিমও তা-ই। তিনি ছিলেন মানবতার দার্শনিক, শোষণহীন সমাজের প্রতিভূ।
সরদার ফজলুল করিমের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে উইমেনস ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক সরদার ফজলুল করিম স্মৃতি পরিষদ।
আলোচনায় অংশ নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরদার ফজলুল করিম অনেক গুরুত্বপূর্ণ কথা সহজভাবে বলে গেছেন। তাঁর সঙ্গে একবার সাক্ষাৎ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তখন স্যারের কিন্তু মানসিক অবস্থা অনেক খারাপ পর্যায়ে চলে গেছে। তাঁর ডিমেনশিয়া হয়েছিল, ফলে ভুলে যেতেন অনেক কিছুই।


























