যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের তীরে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত বটগাছটি উপড়ে গেছে। আজ শনিবার দুপুরের কালবৈশাখীর ঝড়ে গাছটি উপড়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মন ভারী হয়ে উঠেছে।
বটবৃক্ষের পাশেই বাড়ি সুনীল হালদারের (৭০)। তিনি বলেন, বটবৃক্ষটি নিয়ে অনেক স্মৃতি রয়েছে। এটি দেখতে দেশ-বিদেশ থেকে অনেকে আসেন। আর হয়তো কোনো পর্যটকের পদধূলি এখানে পড়বে না। এটি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিময় বটবৃক্ষ। বটবৃক্ষটি ভেঙে পড়ায় তাঁরা আজ দুঃখে ভারাক্রান্ত।
মধুসূদন একাডেমির পরিচালক ও মধুসূদন–গবেষক কবি খসরু পারভেজ জানান, ‘বটবৃক্ষ’ কবিতাটি কবি ফ্রান্সের ভার্সাই নগরীতে ১৮৬৫ সালে লেখেন। এ কবিতা চতুর্দশপদী কবিতা। তিনি সুদূর ভার্সাই নগরীতে বসে তাঁর শৈশবের স্মৃতিময় বটবৃক্ষ নিয়ে কবিতাটি লিখে তাঁর আবেগ ও স্মৃতি প্রকাশ করেছিলেন।



























