গান, স্মৃতিচারণা, লেখা থেকে পাঠের মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সন্জীদা খাতুন স্মরণগ্রন্থের মোড়ক উন্মোচন হলো। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংগীতজ্ঞ, শিক্ষাবিদ, সংগঠক সন্জীদা খাতুনের অনেক ছাত্রছাত্রী, গুণগ্রাহী, সাহিত্য ও সংগীত অনুরাগীরা অনুষ্ঠানে সমবেত হয়ে শিক্ষা, সংস্কৃতিতে তাঁর অবদানের স্মরণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
অনুষ্ঠান শুরু হয়েছিল সম্মেলক কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘শুভ্র সমুজ্জ্বল, হে চির-নির্মল’ দিয়ে। এরপর স্মরণগ্রন্থের সম্পাদনা পরিষদের সদস্য অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী গ্রন্থের বিষয়বস্তু ও কর্মভাবনা তুলে ধরেন।
বইটি প্রকাশ করা হয়েছে অনেকটা অ্যালবামের মতো করে। প্রচ্ছদে ব্যবহৃত হয়েছে তাঁর ব্যবহৃত একটি শাড়ির পাড়ের নকশা। মাঝখানে রয়েছে তাঁর নামের স্বাক্ষর। শিল্পী সব্যসাচী হাজরা প্রচ্ছদ ও অলংকরণ করেছেন।



























