বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের শাহাদাতবার্ষিকী ছিল গতকাল শনিবার। এ উপলক্ষে ফেসবুকে পোস্ট দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। পোস্টটিতে ফটোকার্ড ও ক্যাপশনে একাধিক ভুল ছিল। ফটোকার্ডে বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামালের নামটিও ছিল ভুল। লেখা হয় মুস্তাফা কামাল। ছবির নিচে ক্যাপশনে লেখা হয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নাম। এ ছাড়া বীরশ্রেষ্ঠ বানানেও ছিল ভুল। আর ক্যাপশনের সঙ্গে যে ছবি দেওয়া হয়েছে, এটিও ছিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের। শনিবার রাতে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অফিশায়াল ফেসবুক পেজে এ পোস্ট দেওয়া হয়। যদিও সমালোচনার মুখে কয়েক ঘণ্টার মধ্যে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
চাকসুর এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে এ বিষয়ে ক্ষোভ জানিয়েছেন। পোস্টের সমালোচনা করে ইসলামী ছাত্র মজলিসের সভাপতি ও আরবি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাকিব মাহমুদ বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে চাকসু নেতৃবৃন্দের অবস্থান বরাবরই ধোঁয়াটে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের শাহাদাতবার্ষিকীতে মতিউর রহমানের নাম ও নূর মোহাম্মদ শেখের ছবি যুক্ত করা সাধারণ কোনো ভুল নয়। মুক্তিযুদ্ধকে ধারণ না করে দায়সারা পালন করতে গেলেই এমন ভুল হয়।’
চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মো. মোনায়েম শরীফ বলেন, গতকাল রাতে দেওয়া পোস্টটিতে কিছু অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। সাধারণত পোস্টগুলো যাচাই করে প্রকাশ করা হয়, তবে গতকাল তা করা হয়নি। মূলত দপ্তর সম্পাদক পোস্টটি করেছিলেন। বিষয়টি নজরে আসার পর পোস্টটি প্রথমে সংশোধন করা হয়। পরে বেশি ভুল থাকায় সেটি সরিয়ে ফেলা হয়।































































