দীর্ঘ ২১ মাসের অপেক্ষা, অপমান আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে নিজ কর্মস্থল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিকড়দীঘি নান্দুলা উচ্চবিদ্যালয়ে ফিরলেন প্রধান শিক্ষক কবির হোসেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যালয়ের মাঠেই সিজদায় বসে পড়েন।
একসময় যে বিদ্যালয়ের প্রতিটি ইট-পাথরের সঙ্গে জড়িয়ে ছিল কবির হোসেনের জীবনের স্মৃতি, সেই বিদ্যালয় থেকেই তাঁকে দীর্ঘ ২১ মাস দূরে থাকতে হয়েছিল। প্রিয় কর্মস্থলে ফিরতে পেরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিদ্যালয়ে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর অনেকেই এ সময় আবেগঘন মুহূর্তের সাক্ষী হন।































































