প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে বাসায় পৌঁছে দিলেন সতীর্থ ও শিক্ষার্থীরা

প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে বাসায় পৌঁছে দিলেন সতীর্থ ও শিক্ষার্থীরা

সকাল গড়িয়ে দুপুর আসতেই অন্য রকম এক উৎসবের আলোয় রঙিন হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণটি। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকেরা ভিড় করতে থাকেন প্রাঙ্গণে। এ আয়োজন টানা ৩১ বছরের বেশি সময় ধরে একই বিদ্যালয়ে পাঠদান শেষে অবসরে যাওয়া বিদ্যালয়টির একজন শিক্ষককে ঘিরে। তাঁকে বিদায় জানাতে ওই শিক্ষকের সতীর্থ-শিক্ষার্থীরা শিক্ষাঙ্গণ সাজিয়ে তোলেন। পরে রাজকীয় আয়োজনে ঘোড়ার গাড়িতে করে প্রায় পাঁচ কিলোমিটার দূরের শহরে তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হয়।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমহাটা উচ্চবিদ্যালয়ের শিক্ষক রানু গোপাল রায় ২ এপ্রিল কর্মদিবস শেষে অবসরে গেছেন। সহকারী শিক্ষক হয়ে ওই উচ্চবিদ্যালয়ে যোগ দিয়েছিলেন। ৩১ বছর দুই মাস চাকরি শেষে সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসরে গেছেন তিনি।

তাঁর এই অবসরকে রঙিন ও প্রাণবন্ত করে তুলতে বিদ্যালয়ের এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরে এই রাজকীয় বিদায়ের আয়োজন করেন। ঘোড়ার গাড়ির আগেপিছে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে ছিলেন আরও শতাধিক শিক্ষার্থী।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।