বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত হওয়া শিক্ষার্থীরা বহিষ্কারকালীন সময়ে ক্লাস, সেমিস্টার কার্যক্রম ও পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এ সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি ও বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান মেনে চলার প্রবণতা বাড়াতে এ সিদ্ধান্ত সহায়ক হবে।
উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, আগে সাময়িক বহিষ্কারের পরও অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা ক্লাস বা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতেন। তবে সিন্ডিকেট থেকে পাস হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কার কার্যকর থাকা অবস্থায় কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না।
































































