আলী যাকেরের স্মৃতি ধরে রাখতে আয়োজিত 'আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ'এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বই পাঠ প্রতিক্রিয়ার ভিত্তিতে স্কুল ও কলেজ পর্যায়ের সেরা ২০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি এই উদ্যোগে সম্পৃক্ত থাকার জন্য ২০টি পাঠাগারকেও সম্মাননা দেওয়া হয়েছে।
আলী যাকেরের স্ত্রী ও নাট্যজন সারা যাকের বলেন, 'বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রাদুর্ভাব তরুণ সমাজকে বিষাক্ত (টক্সিক) করে তুলছে। এই সময়ে তরুণদের বই পড়া খুবই জরুরি। আমরা চাই নতুন প্রজন্ম ডিজিটাল পর্দার প্রভাব থেকে দূরে সরে বইমুখী হোক।'
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহ্বায়ক শাহ নেওয়াজ এবং জুরিবোর্ডের সদস্য হেনা সুলতানা। সমাপনী বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বিজয়ীদের অভিনন্দন জানান।
































































