আম্মুর বিকেলগুলো আমাকে শিখিয়েছে

আম্মুর বিকেলগুলো আমাকে শিখিয়েছে

বিকেলবেলা অন্য মায়েরা যখন তাঁদের সন্তানদের পাশে বসে সারা দিনের গল্প শুনতেন, আমার আম্মু তখন স্কুল থেকে ফিরে বাসার ছোট্ট একটা ঘরে পাড়ার সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের পড়াতেন। ছোটবেলায় এটা দেখে আমার খুব অভিমান হতো। মনে হতো, সারা দিন এত ব্যস্ত থাকলে আমাকে সময় দেবে কখন? অভিমানটার কথা কখনো আম্মুকে বলা হয়ে ওঠেনি। বুকের ভেতর চুপচাপ জমিয়ে রেখেছিলাম। বড় হয়ে বুঝেছি, সেই না-পাওয়া বিকেলগুলোতেই আম্মু আমাকে সবচেয়ে বড় শিক্ষাটা দিচ্ছিলেন।

আমার মা শাহনাজ পারভীন। বগুড়ার শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০০৯ সালে তিনি বগুড়া জেলার সেরা শিক্ষক এবং ২০১৩ সালে দেশের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। ‘ভার্কি ফাউন্ডেশনের গ্লোবাল টিচার প্রাইজ ২০১৭ ’-এর বিশ্বসেরা ৫০ শিক্ষকের তালিকায় জায়গা পেয়েছিলেন তিনি। এ ছাড়া ২০২১ সালে প্রথম আলোর প্রিয় শিক্ষক সম্মাননা থেকে শুরু করে ২০২২ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক—তাঁর ঝুলিতে আছে অনেকগুলো পুরস্কার।

ক্লান্তি ছিল, পরিশ্রম ছিল, এখনো আছে। কিন্তু তাঁকে কখনো অভিযোগ করতে দেখিনি। একদিন আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, ‘স্কুলের বাচ্চাদের জন্য এত কষ্ট করো কেন?’ আম্মু হেসে বলেছিলেন, ‘একটা শিশু যদি অক্ষর চেনে, সে নিজের জীবনটা নিজে লিখতে পারবে। এখানেই আমার সার্থকতা।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।