বালিকাকে বেত্রাঘাত করে হাসপাতালে পাঠানোর অভিযোগ

বালিকাকে বেত্রাঘাত করে হাসপাতালে পাঠানোর অভিযোগ

নরসিংদীর রায়পুরা উপজেলায় এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। আহত শিক্ষার্থীর নাম সাইমা আক্তার (১৫)। সে উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ গ্রামের আজিজুল হকের মেয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম মো. ফাইজ উদ্দিন। উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আল হেরা একাডেমির গণিত বিষয়ের শিক্ষক তিনি। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার প্রথম পর্বের পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায়, সাইমা গণিতে নম্বর কম পেয়েছে। পরদিন বিদ্যালয়ে গেলে গণিতের শিক্ষক ফাইজ উদ্দিন শাসন করতে গিয়ে সাইমার ঘাড়ে পরপর ১২টি বেত্রাঘাত করেন। বাড়িতে গিয়েই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে সে।

পরিবারের সদস্যরা জানতে পেরে স্কুল কর্তৃপক্ষকে মৌখিকভাবে বিষয়টি জানান। এ ঘটনায় ওই শিক্ষার্থীর শরীরে জ্বর আসে ও মানসিকভাবেও ভেঙে পড়ে। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।