বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কিন্তু সম্প্রতি ইউনিসেফের গবেষণা যে বাস্তব চিত্র সামনে এনেছে, তা শুধু উদ্বেগজনক নয়; একই সঙ্গে আমাদের শিক্ষার মান নিয়েই নতুন করে প্রশ্ন তোলে। গবেষণাটি দেখিয়েছে, ষষ্ঠ শ্রেণিতে ওঠা অধিকাংশ শিক্ষার্থী পঞ্চম শ্রেণির মৌলিক দক্ষতাও অর্জন করতে পারেনি। গণিতে ৯১ শতাংশ শিক্ষার্থী প্রাথমিক স্তরে আটকে আছে, বাংলাতেও পরিস্থিতি আশাব্যঞ্জক নয়।
আরও ভয়াবহ হলো, প্রায় অর্ধেক শিক্ষার্থী নিজেদের শ্রেণি অনুযায়ী পাঠই পড়তে পারে না। শিক্ষার্থীদের মারাত্মক এই শিখনঘাটতি শিক্ষাব্যবস্থার কাঠামোগত সংকটের প্রতিচ্ছবি।
এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, পাঠ্যক্রম কাদের জন্য? যদি অধিকাংশ শিক্ষার্থীই সেই পাঠ্যক্রমের সঙ্গে তাল মেলাতে না পারে, তাহলে পাঠ্যক্রম যত আধুনিক হোক, বাস্তবে তার কার্যকারিতা থাকে না।
































































