সমসাময়িক বিশ্বে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাদান, গবেষণা দক্ষতা ও একাডেমিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা হয়েছে। জেনেভাভিত্তিক এডুকেটরস উইদাউট বর্ডারস ইন্টারন্যাশনাল (ইডব্লিউবিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (এইচআরডিআই) যৌথ আয়োজনে এই কর্মশালা হয় ড্যাফোডিল প্লাজায়।
ঢাকা ও চট্টগ্রামের ১৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৮২ জন শিক্ষক ও আগ্রহী একাডেমিশিয়ান কর্মশালায় অংশ নেন। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশের শিক্ষাবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা বিভিন্ন সেশনে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন।
দুই দিনব্যাপী কর্মশালায় আধুনিক শিক্ষণপদ্ধতি, কারিকুলাম উন্নয়ন, গবেষণা নকশা, একাডেমিক রাইটিং, প্রকাশনা কৌশল এবং বৈশ্বিক গবেষণা সহযোগিতাসহ উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
































































