পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে চলমান সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছে। শিক্ষার্থীদের সেশনজট এড়াতে পাঠদান-পরীক্ষা নেওয়া হবে। তবে ৮ মে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিষয়টি সমাধান না হলে ১০ মে থেকে তাঁরা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
আজ রোববার দুপুরে আন্দোলনরত শিক্ষকদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন আন্দোলনরত সমাজকর্ম বিভাগের শিক্ষক মুস্তাকিম বিল্লাহ।
মুস্তাকিম বিল্লাহ বলেন, ‘গত বৃহস্পতিবার উপাচার্য, বরিশাল বিভাগীয় কমিশনার ও আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। সেখানে আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। তাই আগামী পাঁচ দিন একাডেমিক কার্যক্রম চালাবেন। তবে কোনো দাপ্তরিক কাজ করবেন না শিক্ষকেরা।’
































































