বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৃক্ষশোভিত প্রতিষ্ঠান। অনেক দুর্লভ গাছ আছে এখানে। সারা বছর কিছু না কিছু ফুল এসব গাছে ফুটতেই থাকে। বৈচিত্র্যময় দুর্লভ বৃক্ষরাজি এ বিশ্ববিদ্যালয়কে দিয়েছে বিশেষত্ব।
পালামগাছে এ বছর ফুল এসেছে প্রচুর। লালচে রঙের এই ফুল অনেক দূর থেকেও চোখে পড়ে। এর পাপড়ি ভারী। পাঁচটি পাপড়িতে ফুলের গঠন সম্পন্ন হয়। এ গাছের মধু যে পাখিও খায়, তা জানা ছিল না। দেখলাম পালামগাছের মধু খাচ্ছে কাঠশালিক। ক্যামেরা হাতেই ছিল বলে ছবি তুলতে পেরেছি।
ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে থাকা পালামগাছটির ফুলে ফুলে ভিড় জমিয়েছে মৌমাছি, মধু খেতে তারা বুঁদ হয়ে আছে। পালাম ফুল বাতাসে দুলতে থাকলে দেখতে আরও ভালো লাগে।
































































