সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে একটি অসাধু চক্র বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ জন্য প্রশ্নপত্র ফাঁস–সংক্রান্ত গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাই সচেতন থাকতে অনুরোধ জানানো হয়েছে।
আজ শনিবার ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড এ অনুরোধ জানিয়েছে। এ বছর ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানে পরীক্ষা।
ঢাকা শিক্ষা বোর্ডের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস–সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে।
































































