ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগ ও সেন্টার ফর বুড্ডিস্ট হেরিটেজ অ্যান্ড কালচারের যৌথ উদ্যোগে 'ফার্স্ট বুড্ডিস্ট কালচারাল ফেস্ট' অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণ ও অডিটোরিয়ামে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও বহুসাংস্কৃতিক রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে বসবাস করে। বৌদ্ধ সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য বহন করে এবং এটি আমাদের সমাজে নৈতিকতা, সহনশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মা। শিক্ষা ও সংস্কৃতির সমন্বিত বিকাশ ছাড়া জাতি এগিয়ে যেতে পারে না।
































































