ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস) মানববন্ধন করেছে। একই সঙ্গে তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান। রোববার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাবিপ্রবিসাসের সদস্য, সহযোগী সদস্যসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু একটি পেশাজীবী গোষ্ঠীর ওপর আঘাত নয়, বরং এটি স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি হুমকি।
দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গোলাম ফাহিমুল্লাহ বলেন, “ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলা মানে মানবাধিকার ও মুক্ত বাকস্বাধীনতার ওপর হামলা। হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে সুস্থ গণতান্ত্রিক চর্চা ব্যাহত হবে। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই, তারা যেন ঢাবিসাসসহ বিভিন্ন সময়ে হামলার শিকার হওয়া সাংবাদিকদের পাশে দাঁড়ায় এবং দোষীদের শাস্তি নিশ্চিত করে।”
































































