ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ইবরাহীম খাঁ-প্রিন্সিপাল খালেদা হাবিব স্মারক বক্তৃতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ‘স্পেশাল কনফারেন্স রুমে’ এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কালাম সরকার। স্মারক বক্তৃতা উপস্থাপন করেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ওয়াকিল আহমেদ। ট্রাস্ট ফান্ডের দাতা মোসাদ্দেক হাবিবের স্বাগত বক্তব্যের মাধ্যমে বক্তৃতা সভার সূচনা হয়। মোসাদ্দেক হাবিব প্রিন্সিপাল ইবরাহীম খাঁর জীবনী সবার সামনে তুলে ধরেন।
স্মারক বক্তব্যে অধ্যাপক ওয়াকিল আহমেদ জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাহসী ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আন্দোলনের প্রধান শক্তি ছিল নতুন প্রজন্মের শিক্ষার্থীরা, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নৈতিক সাহস, প্রকাশ্য সমর্থন, মানববন্ধন, বিবৃতি, মিছিল ও লেখনীর মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল বাড়িয়েছেন। শিক্ষার্থীরা যখন মাঠে নিজেদের শিক্ষকদের পাশে দেখেছে, তখন আন্দোলনের সাহস ও গতি বহুগুণ বেড়ে গেছে।
অধ্যাপক ওয়াকিল আহমেদ আরও বলেন, এই গণ–অভ্যুত্থানে শিক্ষক সমাজের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই; ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস থেকে অনুপ্রাণিত হবে।
































































