ডুয়েট ক্যাম্পাসে নতুন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুপুরে নবনিযুক্ত উপাচার্য প্রশাসনিক ভবনে পৌঁছালে শিক্ষক সমিতির নেতা ও বিভিন্ন বিভাগের শিক্ষকেরা তাঁকে স্বাগত জানান। পরে তাঁরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
গত সপ্তাহে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীদের একটি অংশ। তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে অধিকাংশ শিক্ষার্থী আবাসিক হল ত্যাগ করে বাড়িতে চলে যান। এতে কয়েক দিন ক্যাম্পাস অনেকটা ফাঁকা ছিল।
আজ সকাল থেকে আন্দোলনকারীদের নতুন করে কোনো কর্মসূচি ছিল না। এমন পরিস্থিতিতে আজ ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। প্রশাসনিক কার্যক্রমও নিয়মিতভাবে চলতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে শিক্ষক-কর্মকর্তাদের উপস্থিতি ছিল স্বাভাবিক।
































































