ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) সদস্যদের সরাসরি ভোটে ২০২৬–২৮ মেয়াদের কমিটি নির্বাচন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বাধীন মিডিয়ার সম্পাদক শাহনাজ শারমীন রিনভী।
গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্রীড়া কক্ষে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। এতে অ্যালামনাই সদস্যরা ভোট দেন। ভোট গণনা শেষে দিবাগত রাত ১২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।
এছাড়াও নতুন কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শারমিন আখতার ও সাবেক সাংবাদিক ও বিশ্লেষক সাহেদ আলম।
































































