বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেছেন, ‘প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি সপ্তাহে এক দিন হলেও খেলাধুলার সুযোগ করে দিতে হবে। মনে রাখতে হবে, মাদক থেকে বাঁচতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকের পরিবর্তে খেলাধুলা ও স্বাস্থ্য রক্ষার বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। একটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে। তাদের সঠিক পথে এনে সুস্থ-সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারলে দেশটা সুন্দর হবে।’
ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘মাদক বাড়ার কারণ হলো আমাদের খেলার মাঠ ছোট হয়ে গেছে। আমাদের খেলাধুলা যদি থাকত, তাহলে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তরুণেরা আড্ডা মেরে মাদকে আসক্ত হতো না। প্রতিটি শহরে অনেক বড় বড় বাড়ি নির্মিত হয়েছে। সেখানে অনেক ছেলেমেয়ে বাস করে। কিন্তু এসব ছেলেমেয়ের খেলাধুলা করার মতো কোনো জায়গা নেই। এতে করে তাদের স্বাস্থ্যের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি মনও নষ্ট হয়ে যাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘প্রত্যেক স্কুলে প্রতিটি শ্রেণিতে সপ্তাহে এক দিন দুই ঘণ্টা করে গেমস ক্লাস রাখতে আমি জেলা প্রশাসককে বলে দিয়েছি। সেখানে ফুটবল, বাস্কেটবল থেকে শুরু করে গ্রামীণ খেলাধুলাও থাকবে। খেলাধুলা না করলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না।’
































































