ইংরেজি মাধ্যমে পড়াশোনা মানেই শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়া—এমন একটি ধারণা সমাজে প্রচলিত থাকলেও বর্তমান চিত্র অনেকটাই আলাদা। ইংরেজি মিডিয়াম স্কুলগুলো বিশ্বনাগরিক গড়ার প্রক্রিয়ায় দেশীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটাচ্ছে। ভাষা, সংস্কৃতি ও নৈতিকতার সঠিক পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আত্মপরিচয় সমুন্নত রেখেই বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে।
শিকড় ও শিক্ষার ইতিবাচক মেলবন্ধন—ইংরেজি মাধ্যম স্কুলে বাংলা চর্চা নিয়ে সংশয় থাকলেও বাস্তব চিত্র বেশ আশাব্যঞ্জক। ঢাকার ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী আবদুল্লাহ সাবিক। তার মা সায়মা নাছিম প্রথম আলোকে জানান, তাঁর সন্তানের স্কুলে নিয়মিত বাংলা ভাষা চর্চার পাশাপাশি জাতীয় ইতিহাস সম্পর্কেও শিক্ষার্থীদের সমান আগ্রহী করে তুলতে নানা রকম কার্যক্রম পরিচালনা করে।
পাঠ্যবইয়ের ইতিহাসের সঙ্গে বাস্তব জীবনের রীতিনীতিগুলো যুক্ত করার ফলে শিক্ষার্থীরা বৈশ্বিক শিক্ষার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে নিজের দেশীয় সংস্কৃতি সম্পর্কেও সচেতন থাকছে।
































































