প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৯: ৩৩ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার পরীক্ষার্থীদের অনুপস্থিতি আরও বেড়েছে। এদিন দেশের ১১টি শিক্ষাবোর্ডের (৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড) অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় ২৬ হাজার ৮৬৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর আগে প্রথম পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিল- ২৫ হাজার ৪০৮। এছাড়া দ্বিতীয় দিনে নকলের দায়ে ১৯ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ৬ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের ১০ জন শিক্ষার্থী রয়েছে। প্রথম দিনের পরীক্ষায় মাত্র ৬ জন বহিষ্কার হয়েছিল। পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। এদিন এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, দাখিলে আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনালে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন মোট ১৪ লাখ ৯২ হাজার ৮০৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৬৫ হাজার ৯৪১ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১২ হাজার ৩১৬ জন পরীক্ষার্থী।
একইসঙ্গে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১২ হাজার ১৫০ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষাতেও ২ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
































































