গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ কৌশলগত পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান নতুন দায়িত্বে যোগ দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর এ পদে যোগ দিয়েছেন। অধ্যাপক নিয়াজ আহমদ খান ২০২৪ সালের ২৭ আগস্ট একটি বিশেষ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। সে সময় জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর উদ্ভূত অস্থিরতার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব তার ওপর ন্যস্ত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।
গ্রামীণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ‘তিন শূন্য’ ধারণা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ এর ভিত্তিতে পরিচালিত হবে। এই লক্ষ্য বাস্তবায়নে পাঁচটি স্কুলের অধীনে ১৪টি অগ্রাধিকারভিত্তিক একাডেমিক প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।
































































