জ্বালানির প্রাপ্যতা–সংকট দূর হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার চলমান অনলাইন ক্লাস কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঈদুল আজহার ছুটি শেষে আগামী ৭ জুনের পর থেকে বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারের সব অনলাইন ক্লাস ও অন্য অনলাইন কার্যক্রম বন্ধ করে পুনরায় সশরীর পাঠদান কার্যক্রম চালু করা হবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে উপাচার্যের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়াতে আপৎকালীন সময়ে অনলাইন ক্লাস চালু রাখা হয়েছিল। বর্তমানে দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
































































