জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও নারী শিক্ষার্থীদের লাগাতার যৌন হেনস্তার বিরুদ্ধে মৌন মিছিল করেছেন ছাত্রীরা। আজ বুধবার বিকেলে ‘নারী নিরাপত্তা মঞ্চ’–এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে দাঁড়িয়ে লিখিত বক্তব্যে পাঠ করেন নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী অদ্রিজা দাস।
লিখিত বক্তব্যে অদ্রিজা বলেন, ‘ঘটনাটি কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, এটি একটি দীর্ঘ ও চলমান নিরাপত্তাহীনতার সর্বশেষ প্রকাশ। প্রতিদিন ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে নারী শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন, যেগুলোর অধিকাংশই কোনো কার্যকর প্রতিকার ছাড়াই চাপা পড়ে যায়।’
































































