জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাজীবন শেষ হওয়ার পরও ক্যাম্পাসের আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের ১৯ মের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন লক্ষ করেছে, শিক্ষাজীবন সমাপ্তির পরেও বিভিন্ন ব্যাচের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী আবাসিক হলগুলোতে তাদের আসন যথাসময়ে না ছেড়ে অবস্থান করছেন। যা বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে বাধা তৈরি করছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশক্রমে শিক্ষাজীবন সমাপ্তির পরেও বিভিন্ন হলে যেসব শিক্ষার্থী এখনো অবস্থান করছেন, তাঁদের প্রত্যেককে ১৯ মের মধ্যে হল ত্যাগ করে ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ নিশ্চিত করতে হল কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানানো হলো।
































































