জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব নিয়ে গবেষণা করেছেন তাহরিন তাহরীমা চৌধুরী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব নিয়ে গবেষণা করেছেন তাহরিন তাহরীমা চৌধুরী

গবেষণার বিস্তৃত ভুবনে নিরলসভাবে কাজ করে চলেছেন তাহরিন তাহরীমা চৌধুরী। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এই গবেষণা ফেলো বর্তমানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অ্যাগ্রিকালচারাল ট্রান্সফরমেশন প্রোগ্রামে উন্নয়ন অর্থনীতিবিদ হিসেবে কাজ করছেন। মাঠপর্যায়ের অভিজ্ঞতা তাঁর গবেষণাকে দিয়েছে বাস্তবতার স্পর্শ, গভীরতা এবং নতুন দৃষ্টিভঙ্গি।

ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা তাহরিন ২০০২ সালে ভিকারুননিসা নূন স্কুল থেকে এসএসসি পাস করেন। জানালেন, ‘সেবার এসএসসিতে সারা দেশে যে চারজন মানবিক বিভাগ থেকে জিপিএ ফাইভ পায়, একমাত্র নারী শিক্ষার্থী ছিলাম আমি।’এই কৃতিত্ব তাঁকে জাতীয় পত্রিকার শিরোনামে নিয়ে আসে। তৎকালীন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজেও অংশ নেন। তখন সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘বড় হয়ে ব্যারিস্টার হতে চাই।’ কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় সেই লক্ষ্য। উচ্চমাধ্যমিকে উঠে অর্থনীতির প্রতি আগ্রহ বাড়ে, আর সেখান থেকেই নির্ধারিত হয়ে যায় ভবিষ্যৎ পথ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার ক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গণিত। মানবিক বিভাগ থেকে অর্থনীতি পড়তে আসা সব শিক্ষার্থীর ক্ষেত্রেই কথাটি সত্য। ফলে অর্থনীতি বিভাগে প্রথম বছরটা ছিল বেশ চ্যালেঞ্জিং, কিন্তু অধ্যবসায় আর পরিশ্রমের মাধ্যমে সেই বাধা অতিক্রম করেন। শেষ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তরে অর্জন করেন প্রথম শ্রেণি; স্নাতকোত্তরে অর্জন করেন তৃতীয় স্থান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।