কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ১৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে স্থবির হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা যেমন পড়াশোনা ও অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে পারছেন না, তেমনি প্রশাসনিক কাজেও দেখা দিয়েছে চরম ভোগান্তি।
বিদ্যুৎ সংকটের কারণে বিভিন্ন বিভাগে নির্ধারিত ক্লাস, পরীক্ষা, এমনকি সেমিস্টার ফাইনাল পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয়েছে। এতে করে অ্যাকাডেমিক কার্যক্রমে বড়ো ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী ম. মিজানুর রহমান বলেন, গতকাল রাত ১১টার দিকে আমরা পিডিবি কার্যালয়ে যোগাযোগ করেছি। শালবন এলাকায় গাছ ভেঙে বিদ্যুতের খুঁটি ও কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
































































