কুয়ালালামপুরের আকাশে তখন ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। আন্তর্জাতিক পুরকৌশল প্রতিযোগিতার বিশাল হলঘরে একে একে ঘোষণা করা হচ্ছে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের নাম। চারপাশে শত শত শিক্ষার্থী, কেউ উৎকণ্ঠায় হাত মুঠো করে আছেন, কেউ আবার টেবিলে চোখ নামিয়ে করছেন নিঃশব্দ অপেক্ষা!
বাংলাদেশের একটি ছোট দলও ছিল সেই ভিড়ের মধ্যেই। ঘোষণার শেষ মুহূর্তে এসে যখন সঞ্চালক উচ্চারণ করলেন—‘গ্রিনকোর বাংলাদেশ’, তখন যেন সময়টা এক সেকেন্ডের জন্য থেমে গেল। গভীর, চাপা, কিন্তু অদম্য এক আনন্দের মিশেলে আত্মহারা হয়ে উঠলেন চুয়েটের চার শিক্ষার্থী।
গত শনিবার অনুষ্ঠিত আন্তর্জাতিক পুরকৌশল প্রতিযোগিতায় শেষ পর্যন্ত তাঁদের অবস্থান ছিল চতুর্থ। হংকং, তাইওয়ান, তুরস্ক, ফিলিপাইন, থাইল্যান্ডসহ এশিয়ার ২৭টি শক্তিশালী দলের সঙ্গে প্রতিযোগিতার পর এই অর্জন।
































































