২০১৭ সালে ময়মনসিংহ শহরে ওয়েলফেয়ার স্কুল নামে একটি ভিন্নধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান যাত্রা শুরু করেছিল। উন্নত দেশের আদলে একটি আধুনিক স্কুল গড়াই ছিল উদ্যোক্তাদের মূল লক্ষ্য। উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও কোচিংমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশুদের পড়াশোনা, গোসল, আহার আর খেলাধুলার দায়িত্ব নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। মূল লক্ষ্য ছিল একটাই, স্কুলের পর কোনো শিশুকে যেন আর প্রাইভেট পড়তে না হয়।
কিন্তু মাত্র দুই মাস পরই ঘটে এক অভাবনীয় ঘটনা। স্কুলে ভর্তি হয় উৎস নামের এক বিশেষ শিশু। তার আচরণ ছিল অন্য শিক্ষার্থীদের চেয়ে আলাদা। শিক্ষকদের কথা না মানা, সহপাঠীদের সঙ্গে মারমুখী আচরণ এবং পড়াশোনায় চরম অনাগ্রহের কারণে স্কুলের শৃঙ্খলা ভেঙে পড়ে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে এক অভিভাবক ক্ষুব্ধ হয়ে তার সন্তানের ভর্তি বাতিল করে চলে যান। শিক্ষক ও কর্মচারীরা তখন অতিষ্ঠ। তাঁরা উৎসের মা–বাবাকে ডেকে পাঠান। উৎসের মা–বাবা এলে বেরিয়ে আসে এক করুণ বাস্তবতা। জানা যায়, শিশুটি আসলে বুদ্ধিপ্রতিবন্ধিতায় আক্রান্ত। তার চিকিৎসা চলছিল ভারতে। এর আগে পাঁচটি স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। কোথাও সে জায়গা পায়নি।
































































