প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৮: ৫৪ চলমান এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে শিক্ষার্থী বহিষ্কারের সংখ্যা আগের তিন পরীক্ষার চেয়ে আরও বেড়েছে। মঙ্গলবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এদিন মোট ৪৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক মাদ্রাসা বোর্ডে ২৪ জন এবং সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে বহিষ্কারের সংখ্যা সবচেয়ে বেশি ৭ জন। এদিকে এই পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৩৯২ জন। আগের পরীক্ষায় এই সংখ্যা ছিল ৩৪ হাজার ৫৪ জন।
মঙ্গলবার পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন এসএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আন্ত:শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার ঢাকা বোর্ডে ৭ জন, যশোর বোর্ডে ২ জন, চট্টগ্রাম বোর্ডে ১ জন, সিলেট বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ৬ জন, কুমিল্লা বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
































































