রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদের ১০টি বিভাগের ১০ জন শিক্ষার্থী এবং ৩টি ক্যাটাগরিতে ৩ জন শিক্ষককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনাড়ম্বর আয়োজনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেরা গবেষক, সেরা প্রবন্ধ, সেরা গ্রন্থ, ও সেরা শিক্ষার্থী, এই চারটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষকদের প্রকাশনা ও গবেষণার জন্য এবং ২০২৩ সালের বিএসএস (সম্মান) শিক্ষার্থীদের ফলাফলের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
এতে সেরা প্রবন্ধ ক্যাটাগরিতে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আরমান হোসেন, সেরা গ্রন্থকার ক্যাটাগরিতে অধ্যাপক ড. মো. আওয়াল হোসেন মোল্লা এবং সেরা গবেষক ক্যাটাগরিতে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন।
































































