রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ছাত্রদলের তালা ঝুলছে

রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ছাত্রদলের তালা ঝুলছে

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে দেওয়া ছাত্রদলের তালা এখনো ঝুলছে। আজ বুধবার দ্বিতীয় দিনেও কার্যালয়ে আসেননি উপাচার্য মো. আতিয়ার রহমান। ছাত্রদলের নেতা-কর্মীদের দাবি, উপাচার্য পদত্যাগ অথবা তাঁকে অপসারণ না করা পর্যন্ত তাঁর কার্যালয়ে তালা ঝুলবে।

এর আগে গতকাল মঙ্গলবার উপাচার্য মো. আতিয়ার রহমানের পদত্যাগের দাবিতে তাঁর কার্যালয়ে তালা দেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, স্থানীয় সংস্কৃতির প্রতি অবমাননার অভিযোগ আনেন তাঁরা। তবে তালা দেওয়ার সময় উপাচার্য ক্যাম্পাসে ছিলেন না।

আজ সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপাচার্যের দপ্তরের মূল ফটকে তালা ঝুলছে। এ কার্যালয়ের দপ্তরে কর্মরত কর্মচারীরা রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান করছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী জানান, তাঁদের কার্যালয়ে তালা থাকায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কবে নাগাদ এ কার্যক্রম স্বাভাবিক হবে, তা তাঁদের অজানা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।