সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বাস্তবায়নে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা খাবারের মান নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে এবং খাবারের মান যাচাইয়ে কোনো প্রকার গাফিলতি, শৈথিল্য বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশটি দেশের প্রকল্পভুক্ত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে খাবার গ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিতে হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের ও ত্রুটিপূর্ণ খাবার গ্রহণ বা বিতরণ করা যাবে না।
































































