প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের আদেশ জারির দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেছে। আন্দোলনকারীরা পুলিশের সাথে কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশের ব্যারিকেডের মধ্যে চাকরিপ্রার্থীরা সমাবেশের সিদ্ধান্ত নেয়।
এ সময় ‘দাবি মোদের একটাই, নিয়োগপত্র হাতে চাই’, ‘তুমি কে, আমি কে, শিক্ষক শিক্ষক’ ইত্যাদি স্লোগান দেয় নিয়োগপ্রত্যাশীরা। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
































































