নীলফামারী সদর উপজেলার চাপড়া কাছারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠ সংস্কারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শেষ ঘণ্টার ক্লাস বর্জন করেছে। দাবির সঙ্গে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাপড়া কাছারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। মাঠ নিচু হওয়ায় পাশের রাস্তার পানিও ঢুকে পড়ে, ফলে অধিকাংশ সময় কাঁদায় পরিণত থাকে।
খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য উপযোগী মাঠ জরুরি। প্রধান শিক্ষক এনামুল হক বলেন, মাঠটি নিচু হওয়ায় মাটি ভরাটের জন্য একাধিকবার উপজেলায় আবেদন করা হয়েছে কিন্তু এখনো কোনো বরাদ্দ মেলেনি।
বিদ্যালয়ের নিজস্ব তহবিল দিয়ে এত বড় মাঠ সংস্কার করা সম্ভব নয়।
































































