শ্রেণিকক্ষ সংকটে বারান্দায় পাঠদানের বিষয়টি

শ্রেণিকক্ষ সংকটে বারান্দায় পাঠদানের বিষয়টি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চন্ডিপুর পারএলংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে বারান্দায় পাঠদান চলছে। বিদ্যালয়ে ১২৩ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষক ছয়জন। পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বারান্দায় বসে ক্লাস করা ছোট ছোট শিশুদের জন্য হয়ে দাঁড়িয়েছে চরম ভোগান্তি।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও সংস্কারের জন্য ইতোমধ্যে চিঠি পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তালিকা চেয়েছে। তালিকায় প্রথমে চন্ডিপুর পারএলংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম উল্লেখ থাকবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বককার মিয়া জানান, ১৯৮৯ সালে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নে চন্ডিপুর পারএলংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে বিদ্যালয়ে পাকা ভবন নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ১২৩ জন ছাত্রছাত্রী রয়েছে। ছয়জন শিক্ষকের মধ্যে একজন চিকিৎসার জন্য ভারতে রয়েছেন। একজন ডেপুটেশনে পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ে আছেন। চারজন শিক্ষক ক্লাস নিচ্ছেন। বিদ্যালয়টি শ্রেণি কক্ষের সংকট থাকায় ক্লাস নিতে হয় অফিস কক্ষে। এছাড়া শ্রেণি কক্ষের অভাবে বারান্দায় করানো হচ্ছে পাঠদান। জায়গা সংকুলান না হওয়ায় দুজনের বেঞ্চে বসতে হচ্ছে চারজন শিক্ষার্থীকে। শব্দের কারণে তারা পড়ালেখায় মনোযোগ দিতে পারছেন না। যে কারণে প্রতিনিয়ত পাঠ্য কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।