উপজেলা প্রতিনিধি, তানোর (রাজশাহী) প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ২৩: ০২ রাজশাহীর তানোর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ আগামীকাল বুধবার সকাল থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় উপজেলায় মোট ১ হাজার ৬৯ জন শিক্ষার্থী অংশ নেবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, তিনটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে তানোর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৩৪ জন, মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪০৪ জন এবং কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
এবারের পরীক্ষায় উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বেসরকারি এনজিও ও কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মতিউর ইসলাম শিশির বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধ হওয়ার পর ২০২২ সালে বৃত্তি পরীক্ষা চালু হলেও ২০২৩ ও ২০২৪ সালে তা অনুষ্ঠিত হয়নি। ২০২৫ সালের পরীক্ষার ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করলেও পরে তা স্থগিত হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়।
































































