ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠ থেকে চলমান এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বড়মাঠের উত্তর–পূর্ব কোণের শহীদ মিনারের পাশ থেকে খাতাগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠে ঘোরাঘুরির করছিলেন কয়েকজন যুবক। সে সময় খাতাগুলো একজনের নজরে আসে। কাছে গিয়ে দেখেন, সেগুলো চলমান এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উত্তরপত্র।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে বড়মাঠে গিয়ে এসএসসি পরীক্ষার উত্তরপত্রের একটি বান্ডিল উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। সেখানে বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষার ৫০টি উত্তরপত্র ছিল।
































































