কুমিল্লার লালমাই উপজেলার দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থী ক্লাস চলাকালীন অজ্ঞান হয়ে পড়েছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান বমি করে অসুস্থ হয়ে পড়ে এবং মাটিতে পড়ে গিয়ে আঘাত পায়। পরে শ্রেণি শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, শ্রেণি পাঠদান চলা অবস্থায় একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়েছি। তাপদাহের কারণে শিক্ষার্থীদের সুস্থতা বিবেচনায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের এক ঘণ্টা পরপর পানি পান করানো নিশ্চিত করতে শিক্ষা অফিসারকে বলা হয়েছে।
দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা রানী মজুমদার জানান, ওই সময় ৫ম শ্রেণির সমাজ বিষয়ের পাঠদান চলছিল। প্রচণ্ড গরমের কারণে হঠাৎ শিক্ষার্থীটি বমি করে অসুস্থ হয়ে পড়ে।
































































