ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গ্রহণযোগ্য কারণ ছাড়া কোনো শিক্ষার্থী এক দিন অনুপস্থিত থাকলে স্কুল শাখার শিক্ষার্থীদের ৫০ টাকা এবং কলেজ শাখার শিক্ষার্থীদের ১০০ টাকা জরিমানা দিতে হবে। আজ বৃহস্পতিবার (৭ মে ২০২৬) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাক্রমে সম্পৃক্ত রাখা, পাঠাভ্যাস গড়ে তোলা ও শৃঙ্খলা বজায় রাখতে অ্যাডহক কমিটির অনুমোদনক্রমে নতুন কিছু নির্দেশনা জারি করা হয়েছে।
শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে ধারাবাহিক মূল্যায়ন (সিএ-৫) নম্বর প্রদান করা হবে। ৯১ থেকে ১০০ শতাংশ উপস্থিতির জন্য ৫ নম্বর, ৮১ থেকে ৯০ শতাংশ উপস্থিতির জন্য ৪ নম্বর, ৭১ থেকে ৮০ শতাংশ উপস্থিতির জন্য ৩ নম্বর, ৬১ থেকে ৭০ শতাংশ উপস্থিতির জন্য ২ নম্বর এবং ৫১ থেকে ৬০ শতাংশ উপস্থিতির জন্য ১ নম্বর দেওয়া হবে। ৫০ শতাংশের কম উপস্থিতি থাকলে কোনো নম্বর পাওয়া যাবে না।
































































