বাংলাদেশ ব্যাংক যে স্বল্প সুদে ৬০ হাজার কোটি টাকা প্রণোদনা তহবিলের ঘোষণা দিয়েছে, তা প্রয়োজনীয় ও সময়োপযোগী বলে আমরা মনে করি। তবে অর্থনৈতিক পুনরুদ্ধারের এই কর্মসূচি কতটা সফল হতে পারবে, তা নির্ভর করবে একটি সঠিক নীতিমালা এবং রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত থেকে ঋণ বিতরণের ব্যবস্থাপনার ওপর।
বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও লুটপাট, করোনা মহামারি, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এবং অন্তর্বর্তী সরকারের দেড় বছরের অনিশ্চয়তা— এসব কারণে দু–একটি খাত বাদে বাংলাদেশের অর্থনীতির সব সূচকই বর্তমানে নিম্নগামী।
বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ২৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বিপরীতে উচ্চ খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো বেসরকারি খাতের উদ্যোক্তাদের ঋণ দেওয়ার চেয়ে সরকারি বিল ও বন্ডে বিনিয়োগে আগ্রহী হচ্ছে।












































