মালয়েশিয়াপ্রবাসী মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা মো. মোমিনুল শিকদারের স্ত্রী রাবেয়া। মোমিনুল শিকদার শিবচর উপজেলার শেখপুর বাজারে কৃষি ব্যাংকের বাজিতপুর শাখায় স্ত্রী রাবেয়ার হিসেবে ২ লাখ ৫ হাজার টাকা পাঠান প্রবাসী আয় হিসেবে। আর তাতেই ভাগ্য খুলে যায় রাবেয়ার। বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজিত প্রবাসী আয় বা রেমিট্যান্স উৎসবে লটারিতে মেগা পুরস্কার হিসেবে মোটরসাইকেল জেতেন রাবেয়া। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্যাংকটি।
আজ বুধবার সকালে কৃষি ব্যাংকের বাজিতপুর শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে রাবেয়ার হাতে এই মোটরসাইকেল তুলে দেন কৃষি ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। এ উপলক্ষে ব্যাংকটির বাজিতপুর শাখার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মাদ নজরে মঈন এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ।











































