ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর ধারাবাহিকতা চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকেও বজায় রয়েছে। এই প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের সমন্বিত নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ বেশি। এ সময়ে শেয়ারপ্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সা।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, গ্রাহক ও অংশীজনদের আস্থা, সুশাসন এবং ডিজিটাল সক্ষমতার কারণেই ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। দেশের আরও বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে তাঁরা কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
ব্র্যাক ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তাদের সমন্বিত নিট মুনাফা ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫১ কোটি টাকা, যা আগের বছর ছিল ১ হাজার ৪৩২ কোটি টাকা।












































