ঈদের কেনাকাটার সাথে জমে উঠেছে ফ্রিজের বাজার

ঈদের কেনাকাটার সাথে জমে উঠেছে ফ্রিজের বাজার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের ইলেকট্রনিকস বাজারে রেফ্রিজারেটর বা ফ্রিজের চাহিদা ব্যাপক বেড়েছে। এই উৎসব ঘিরে বিভিন্ন ব্র্যান্ডের আকর্ষণীয় সব অফার দিয়েছে। এ কারণে রাজধানীসহ সারা দেশেই এখন ফ্রিজ বিক্রি বেশ জমে উঠেছে। বিক্রেতারা জানিয়েছেন, সহজ কিস্তি–সুবিধা, মূল্যছাড়, ক্যাশব্যাক এবং ডিজিটাল ক্যাম্পেইনের কারণে বিশেষ করে মধ্যবিত্ত ও চাকরিজীবী ক্রেতাদের মধ্যে ফ্রিজ কেনার আগ্রহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, কোরবানি পশুর মাংস যাতে ভালো থাকে, সে জন্য বরাবরের মতো এবার ঈদেও ফ্রিজ কেনার জন্য শোরুমগুলোয় ভিড় করছেন ক্রেতারা। এবারও মাঝারি আকারের ফ্রিজের চাহিদা বেশি। বিশেষ করে ১০ থেকে ১৪ সিএফটি (কিউবিক ফিট) ধারণক্ষমতার ফ্রিজের চাহিদা এবার শীর্ষে। পরিবারের সদস্যসংখ্যা, বিদ্যুৎ সাশ্রয় এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের বিষয়টি মাথায় রেখেই ক্রেতারা ফ্রিজ নির্বাচন করছেন বলে জানান শোরুমের বিক্রয়কর্মীরা।

বর্তমানে বাজারে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পাওয়া যাচ্ছে। ব্র্যান্ড, প্রযুক্তি ও ধারণক্ষমতা অনুযায়ী ফ্রিজের দাম ২৫ হাজার থেকে শুরু করে ২ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত। ছোট পরিবারের জন্য মিনি ফ্রিজ পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। অন্যদিকে, ইনভার্টার প্রযুক্তির মাঝারি আকারের ফ্রিজগুলো ৩৫ হাজার থেকে ৬৫ হাজার টাকার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।