আইন লঙ্ঘন করে অতালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগ করা অর্থ সুদসহ ফেরত আনতে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল বুধবারের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড থেকে দেড় কোটি টাকা ২০১৩ সালে অতালিকাভুক্ত বেঙ্গল পলি অ্যান্ড পেপার নামে এক কোম্পানিতে বিনিয়োগ করা হয়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়ামসহ মোট ২৫ টাকা করে কোম্পানিটির প্রতিটি শেয়ার কেনা হয়।
বিএসইসি এখন বলছে, এই বিনিয়োগের বিপরীতে ৩০ কার্যদিবসের মধ্যে ৫ কোটি ৭৪ লাখ টাকা মিউচুয়াল ফান্ডে ফেরত আনতে হবে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানটিকে। নির্ধারিত এ সময়ের মধ্যে ধার্য করা অর্থ ফেরত আনা না হলে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে গুনতে হবে ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা।












































