ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেমস (ইডিএস) স্ক্যানারের মধ্যে তিনটি বিকল রয়েছে। এতে রপ্তানি কার্যক্রমে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। বর্তমানে মাত্র একটি স্ক্যানার সচল থাকায় রপ্তানি পণ্যের স্ক্যানিং ও খালাসে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন রপ্তানি খাতের ব্যবসায়ীরা।
ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর নির্ধারিত সময়সীমা মেনে পণ্য পাঠাতে এখন আকাশপথে রপ্তানির চাপ বেড়েছে। এর মধ্যে স্ক্যানার–সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে ইডিএস স্ক্যানিং বাধ্যতামূলক। অন্যদিকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ ইউরোপের বাইরের গন্তব্যের পণ্য ‘নন-আরএ৩’ স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হয়।











































