প্রকাশ : ২০ মে ২০২৬, ১৬: ৫৫আপডেট : ২০ মে ২০২৬, ১৬: ৫৭ দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য সহজ ও সাশ্রয়ী অর্থায়ন নিশ্চিত করতে দুটি গুরুত্বপূর্ণ রিফাইন্যান্স স্কিমে অংশ নিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমের মাধ্যমে দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সহায়তা দেওয়া হবে।
উদ্যোগগুলোর মূল লক্ষ্য হলো সিএমএসএমই খাতকে আরও শক্তিশালী করা, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই শিল্পায়ন ত্বরান্বিত করা। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত ১,৫০০ কোটি টাকার ঘূর্ণায়মান ফান্ডের আওতায় পরিচালিত ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নে স্বল্প সুদে অর্থায়ন সহায়তা দেওয়া হবে।
অন্যদিকে, ৩,০০০ কোটি টাকার ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ ভৌগোলিকভাবে একত্রে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহায়তা করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা যৌথ সম্পদ ব্যবহার, উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।











































