আপনার আয়কর রিটার্নে ভুল হতেই পারে। অনেকে হিসাব ঠিকমতো করতে পারেন না। আবার অনেকে সম্পদের বিবরণীতে ভুল করেন। অবশ্য কেউ কেউ ইচ্ছা করেই সঠিক তথ্য দেন না। যদি কোনো কারণে রিটার্ন ভুল হয়, তাহলে ঘাবড়াবেন না। এই ভুল ঠিক করতে পারবেন। আয়কর আইনে সেই সুযোগ রাখা হয়েছে। মনে রাখবেন, কোনো করদাতার আয়কর নথি যদি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিরীক্ষায় পড়ে যায়। তাহলে আর ভুল সংশোধন করা যাবে না। এ বছর এখন পর্যন্ত প্রায় ৮৮ হাজার করদাতার রিটার্ন নথি যাচাই–বাছাইয়ের জন্য নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। তাঁরা ভুল সংশোধনের সুযোগ পাবেন না।
আয়কর আইন অনুসারে, কোনো করদাতার রিটার্নে দেওয়া তথ্যের মধ্যে তিন ধরনের ভুল সংশোধন করা যাবে। যখন ওই করদাতা মন করবেন যে তাঁর দেওয়া কর সঠিকভাবে হিসাব করেননি। সেই অনুসারে সঠিক পরিমাণ কর দেওয়া হয়নি। এসব ক্ষেত্রে তিনি সংশোধন করতে পারবেন।
অনলাইনেই রিটার্ন সংশোধন করদাতাদের জন্য অনলাইনে সংশোধিত রিটার্ন জমার সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের ওয়েবসাইটে গিয়ে সংশোধন অপশন ব্যবহার করতে হবে। সংশোধনী রিটার্নে যদি করের পরিমাণ বাড়ে, তাহলে নিয়ম অনুসারে বাড়তি করসহ জরিমানা দিতে হবে।












































